বঙ্গবন্ধুর ছবি টাকায় থাকছে না
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার শিগগিরই ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নতুন নোট ছাপানোর পরিকল্পনা করেছে। উল্লেখযোগ্যভাবে, এই নতুন নোটগুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন নোটগুলো বাজারে আসতে সময় লাগতে পারে আরও প্রায় দেড় বছর।
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে চার ধরনের নোটের নতুন নকশা করার পরিকল্পনা চলছে। প্রাথমিকভাবে ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে সব নোট থেকেই তার ছবি বাদ দেওয়া হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংককে গত ২৯ সেপ্টেম্বর নতুন নোটের নকশা জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। নতুন নোটের নকশা প্রণয়নে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি মূল সুপারিশ প্রদান করবে। এই কমিটির সভাপতি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১।
চিঠিতে বলা হয়েছে, নতুন নোটের নকশা দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করে অর্থ বিভাগে পাঠানোর জন্য। বর্তমানে ২ টাকা থেকে ১০০০ টাকার সব নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে, যা নোটের উভয় পাশেই দেখা যায়। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ১, ৫, ১০ এবং ১০০ টাকার নোট বাজারে ছাড়া হয়, যার প্রতিটিতেই শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পরবর্তীতে বিভিন্ন সরকার পুরোনো নোট সরিয়ে নতুন নোট চালু করে, যার মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পুনরায় ১০ এবং ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত করে। এরপর থেকে সব কাগুজে নোটেই বঙ্গবন্ধুর ছবি যুক্ত থাকে।
বর্তমানে দেশে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার ব্যাংক নোট প্রচলিত রয়েছে, যা বাংলাদেশ ব্যাংক দ্বারা ইস্যু করা হয়। এছাড়া এক, দুই ও পাঁচ টাকার নোট এবং ধাতব মুদ্রা অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইস্যু হয়।

0 মন্তব্যসমূহ